দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ভরিপ্রতি ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকায় দাঁড়িয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকায়।
এদিকে আন্তর্জাতিক বাজারেও ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যে দেখা যায়, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৯০ ডলার ছাড়িয়েছে।
সোনার সঙ্গে সঙ্গে দেশের বাজারে রুপার দামও বেড়েছে। বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেট ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেট ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হবে ৪ হাজার ৭৮২ টাকায়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!