অর্থনীতি

সোনার দামে নতুন রেকর্ড, ভরি প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা

আপডেট: জানু ২৮, ২০২৬ : ০৬:৫৯ এএম ১০
সোনার দামে নতুন রেকর্ড, ভরি প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়েছে। এতে এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানোয় সোনার দাম নতুন করে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করল।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ৯৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ৭ টাকা বাড়িয়ে হয়েছে ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ১৩২ টাকা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!