অর্থনীতি

বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট: ফেব ০২, ২০২৬ : ০৪:১৬ পিএম
বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসী আয়ের ধারাবাহিক উল্লম্ফনের কারণে দেশের ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ বেড়েছে। এতে ডলারের দাম কমে যাওয়ার ঝুঁকি তৈরি হওয়ায় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে ১৬টি ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময় ডলারের এক্সচেঞ্জ রেট ও কাট-অফ রেট নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ৪১৫ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৪ দশমিক ১৫ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমানে বাজারে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। ডলারের দাম অস্বাভাবিকভাবে কমে গেলে প্রবাসী আয় ও রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে বাজারে ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনছে।

২০২২ সাল থেকে ডলার বাজারে অস্থিরতা শুরু হয়। তখন প্রতি ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১২২ টাকায় পৌঁছায়। ওই সময় বাজার নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করতে হয়। গত তিন অর্থবছরে বাংলাদেশ ব্যাংক প্রায় ৩৪ বিলিয়ন ডলার বিক্রি করেছে। বিপরীতে এ সময়ে কেনা হয়েছিল মাত্র প্রায় এক বিলিয়ন ডলার।

তবে সরকারের সাম্প্রতিক পদক্ষেপে অর্থপাচার কমে আসায় রপ্তানি ও প্রবাসী আয় বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা দেশে ৩১৭ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ১০ শতাংশ বেশি।

ডলার কেনা ও রেমিট্যান্স বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২৯ জানুয়ারি পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে এ রিজার্ভ ২৮ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। পরবর্তী সময়ে তা কমে গিয়ে একপর্যায়ে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে আসে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!