অর্থনীতি

সকালে সোনার ভরিতে বাড়ল ৫ হাজার ৪২৪ টাকা

আপডেট: ফেব ০৩, ২০২৬ : ০৬:০৩ এএম
সকালে সোনার ভরিতে বাড়ল ৫ হাজার ৪২৪ টাকা

দেশের সোনার বাজারে অস্থিরতা কাটছেই না। আন্তর্জাতিক বাজারের দাম ওঠানামার সরাসরি প্রভাব পড়ছে দেশের বাজারেও। এমন পরিস্থিতিতে সোমবার দুদফা দাম কমানোর পর মঙ্গলবার সকালে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত সোনার দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। সোমবার বিকেলে যা ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ওই সময় থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী—

২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

২১ ক্যারেট ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা

১৮ ক্যারেট ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা

সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা

তবে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে—

২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৩৫৬ টাকা

২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা

১৮ ক্যারেট ৫ হাজার ২০২ টাকা

সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকা

এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দ্রুত বাড়ায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ মূল্য বৃদ্ধি পায়। বৃহস্পতিবার এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করে বাজুস, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

তবে ২৪ ঘণ্টা না পেরোতেই শুক্রবার সকালে ভরিপ্রতি সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানো হয়। এরপর আরও কয়েক দফায় সোনার দাম কমানো হয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!