অর্থনীতি

জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে ৩ ফেব্রুয়ারি

আপডেট: ফেব ০৩, ২০২৬ : ০৬:০৫ এএম
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে ৩ ফেব্রুয়ারি

নতুন নকশা ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে নতুন এই নোট প্রচলনে আসবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের আওতায় এ নোট ইস্যু করা হচ্ছে। এর আগে একই সিরিজের ১ হাজার, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। এবার সেই ধারাবাহিকতায় যুক্ত হলো ১০ টাকার নতুন নোট।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর স্বাক্ষরিত এই নোটটি প্রথমে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ইস্যু করা হবে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি সরবরাহ করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নকশার ১০ টাকার নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।

মুদ্রা সংগ্রাহকদের জন্য নিয়মিত নোটের পাশাপাশি ১০ টাকার বিশেষ নমুনা (স্পেসিমেন) নোটও ছাপানো হয়েছে। তবে এই নোট বিনিময়যোগ্য নয়। আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের মিরপুরস্থ টাকা জাদুঘর বিভাগ থেকে নির্ধারিত মূল্যে এসব নমুনা নোট সংগ্রহ করতে পারবেন।

নতুন ১০ টাকার নোটটির দৈর্ঘ্য ১২৩ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার। নোটের সামনের বাম পাশে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা ব্যবহার করা হয়েছে। নোটের পেছনে স্থান পেয়েছে ‘গ্রাফিতি–২০২৪’-এর চিত্র। পুরো নোটে গোলাপি রঙের আধিক্য দেখা যায়।

নিরাপত্তা বৈশিষ্ট্যের অংশ হিসেবে নোটটিতে জলছাপে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ। তার নিচে ইলেকট্রোটাইপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযোজিত হয়েছে। নোটের সম্মুখভাগে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে, যাতে ‘$10 দশ টাকা’ লেখা আছে, যা আলোর বিপরীতে ধরলে স্পষ্ট দেখা যায়। নোট নাড়াচাড়া করলে এই সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়।

এ ছাড়া গভর্নরের স্বাক্ষরের ডান পাশে ‘সি-থ্রু ইমেজ’ প্রযুক্তিতে একটি বিশেষ প্যাটার্ন যুক্ত করা হয়েছে, যা আলোতে ধরলে ‘১০’ অঙ্কটি দৃশ্যমান হয়। সম্মুখভাগে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে এবং পেছনের নির্দিষ্ট অংশে মাইক্রোপ্রিন্টিংও সংযোজন করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!