অর্থনীতি

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ বরাদ্দ রেখে যাবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

আপডেট: ফেব ০৩, ২০২৬ : ০৫:২০ পিএম
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ বরাদ্দ রেখে যাবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে যাবে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেও যাওয়া হবে। এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করেছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, পে কমিশন একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ। কমিশনের দেওয়া সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হবে। পাশাপাশি এগুলো বাস্তবায়নের জন্য বাজেটে ধাপে ধাপে (ফেজওয়াইজ) অর্থ সংস্থানের ব্যবস্থাও করা হচ্ছে।

পরবর্তী সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে এবং সুপারিশগুলো লিখিতভাবে জানিয়ে যাওয়া হবে। এটি অত্যন্ত ভালো একটি প্রতিবেদন। তাঁর আশা, ভবিষ্যৎ সরকার এটি সফলভাবে বাস্তবায়ন করবে।

এ সময় কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গেজেট প্রকাশ করা সহজ বিষয় নয়। গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করতে হয়, কোন খাতে কত পরিমাণ সুবিধা দেওয়া হবে। সে কারণেই সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হচ্ছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!