অর্থনীতি

১ হাজার ৩৭১ কোটি টাকায় ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

আপডেট: ফেব ০৩, ২০২৬ : ০৫:৩৮ পিএম
১ হাজার ৩৭১ কোটি টাকায় ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

মরক্কো, সৌদি আরব ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে মোট ২ লাখ ১০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ৩৭০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৯৭৫ টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্র জানায়, আমদানিকৃত সারগুলোর মধ্যে রয়েছে ৮০ হাজার মেট্রিক টন ডিএপি, ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১১তম (ঐচ্ছিক–তৃতীয়) লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩১৯ কোটি ৫১ লাখ ৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৬৫১ মার্কিন ডলার।

এ ছাড়া একই চুক্তির আওতায় ১৭তম (নিশ্চিত–১৪তম) এবং ১৮তম লটে মোট ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতি লটে ৩০ হাজার মেট্রিক টন করে এই সার আমদানিতে ব্যয় হবে ১৮৪ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৭৩০ টাকা করে। এতে প্রতি মেট্রিক টনের দাম দাঁড়াবে ৫০১ দশমিক ৩৩ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী সৌদি আরবের মা’আদেন কোম্পানি থেকে ২০২৬ সালের প্রথম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩২৩ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৬৬০ মার্কিন ডলার।

এদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে সৌদি আরবের সাবিক এগ্রি–নিউট্রিনেটস কোম্পানি থেকে ২০২৫–২৬ অর্থবছরে ১৭তম লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২০৫ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৬৪০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪১৮ দশমিক ৩৩ মার্কিন ডলার।

পাশাপাশি একই অর্থবছরে দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১২তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৩ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৮৭৫ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪১৫ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!