অর্থনীতি

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ

আপডেট: ফেব ০৭, ২০২৬ : ০৫:৪৯ এএম ১৫
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সপ্তাহজুড়ে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির পাশাপাশি দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৫ শতাংশের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৮০ দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে এই সূচক ছিল ৫ হাজার ১৫৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ বেড়েছে ১৫ দশমিক ৩১ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ২ হাজার ২ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৩৭ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ১৪১টির আর অপরিবর্তিত ছিল ১৭টির। বাকি ২৪টি কোম্পানির শেয়ারের কোনো লেনদেন হয়নি। সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখে ইসলামী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও রেনাটার শেয়ার।

চার কার্যদিবসের আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড় লেনদেন ছিল ৫৭৯ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৩২ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনে সবচেয়ে বেশি আধিপত্য ছিল ব্যাংক খাতের। মোট লেনদেনের ২০ দশমিক শূন্য ৩ শতাংশ ছিল এই খাতের দখলে। দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত, যার দখলে ছিল ১৪ দশমিক ৫৭ শতাংশ লেনদেন। এরপর বস্ত্র খাত (৯ দশমিক ৩৪ শতাংশ), সাধারণ বিমা খাত (৮ দশমিক ৮১ শতাংশ) এবং প্রকৌশল খাত (৮ দশমিক ১১ শতাংশ)।

ডিএসইতে গত সপ্তাহে ছয়টি খাত বাদে বাকি সব খাতে ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে প্রকৌশল খাতে সর্বোচ্চ ৫ দশমিক ৬৬ শতাংশ রিটার্ন পাওয়া গেছে। ব্যাংক খাতে রিটার্ন ছিল ৩ দশমিক ৭৯ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে ৩ দশমিক ৪০ শতাংশ। বিপরীতে সাধারণ বিমা খাতে ৩ দশমিক ৮৯ শতাংশ, জীবন বিমা খাতে ১ দশমিক ৯৭ শতাংশ এবং টেলিযোগাযোগ খাতে ১ দশমিক ৪৬ শতাংশ নেতিবাচক রিটার্ন দেখা গেছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ১ দশমিক ৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩১ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ১ দশমিক ৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১২২ পয়েন্টে। সিএসইতে সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে এ লেনদেন ছিল ৪৪ কোটি ২২ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত ছিল ২২টির।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!