সকাল-বিকেল দফায় দফায় দাম ওঠানামার মধ্যে থাকা সোনার বাজারে ১২ ঘণ্টার ব্যবধানে আবারও দাম কমানোর ঘোষণা এসেছে। দাম বাড়ানোর ঘোষণার কয়েক ঘণ্টা না যেতেই প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়, যা সকালে ছিল ২ লাখ ৬২ হাজার টাকা।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ার প্রভাব পড়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী,
– ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা
– ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা
– ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা
– সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম পরিবর্তন হলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় অপরিবর্তিত রয়েছে।
এদিকে দেশের বাজারে সোনার দাম কমলেও আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী রয়েছে। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ৯৬৬ ডলার, যা আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার।
এর আগে ৩০ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছায়।
বিশ্ববাজারে টানা মূল্যবৃদ্ধির প্রভাবে গত মাসের শেষ দিকে দেশের বাজারেও সোনার দাম রেকর্ড পরিমাণ বাড়ে। ২৯ জানুয়ারি সকালে এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস। এতে ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!