অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ

আপডেট: ফেব ০৯, ২০২৬ : ০৫:৫৭ এএম
চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ

মালয়েশিয়া থেকে কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের উপকূলে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। পানামার পতাকাবাহী জাহাজটি শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে থাইল্যান্ডের ফুকেট উপকূলের কাছে গভীর সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে।

ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি সিলয়েড আর্ক। জাহাজটির দৈর্ঘ্য ১১৫ মিটার। এতে বাংলাদেশি আমদানিকারকদের মোট ২৯৭ একক কনটেইনার পণ্য ছিল। জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর দুই দিনের মধ্যেই এটি থাইল্যান্ড উপকূলের কাছে দুর্ঘটনায় পড়ে।

বাংলাদেশে জাহাজটির স্থানীয় এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশের ব্যবস্থাপক মো. মুকুল হোসেন বলেন, ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি হঠাৎ কাত হয়ে পড়ে। একপর্যায়ে তা ডুবে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় জাহাজের ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

দুর্ঘটনার পরপরই নিকটবর্তী একটি মাছ ধরার নৌযান এবং থাই নৌবাহিনীর একটি উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করে। এতে জাহাজে থাকা ১৬ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া নাবিকদের বর্তমানে ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে বলে জানা গেছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!