অর্থনীতি

ধর্মঘট স্থগিতের পর সচল হলো চট্টগ্রাম বন্দর

আপডেট: ফেব ০৯, ২০২৬ : ০৬:০৮ এএম
ধর্মঘট স্থগিতের পর সচল হলো চট্টগ্রাম বন্দর

নির্বাচন ও রমজানকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ধর্মঘট স্থগিত হওয়ার পর সোমবার সকাল ৮টা থেকে বন্দরের সব অপারেশনাল কার্যক্রম পুনরায় সচল হয়েছে।

ধর্মঘট চলাকালে বন্দরের তিনটি প্রধান টার্মিনাল—জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল—সম্পূর্ণ বন্ধ ছিল। আজ সকাল থেকে এসব টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো কার্যক্রম আবার শুরু হয়েছে।

ধর্মঘট স্থগিতের ঘোষণা রবিবার রাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, “এনসিটিকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার কাজ এই সরকারের আমলে এগিয়ে নেওয়া হবে না বলে জানানো হয়েছে। আমরা মনে করি, এটি আমাদের প্রাথমিক বিজয়। সবকিছু বিবেচনা করে কর্মসূচি স্থগিত করা হয়েছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে মিথ্যা মামলা, গ্রেপ্তার, শাস্তিমূলক বদলি, বাসা বরাদ্দ বাতিলসহ ১৬ কর্মচারীকে সাময়িক বরখাস্তের যে পদক্ষেপ নেওয়া হয়েছে—এসব বিষয়ে সন্তোষজনক সমাধান না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এর আগে শনিবার থেকে শ্রমিক ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করলে দেশের প্রধান সমুদ্র বন্দর দিয়ে আমদানি-রপ্তানি প্রায় অচল হয়ে যায়। ধর্মঘট প্রত্যাহারের ফলে বন্দর ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে সাত দিন বন্ধ থাকার ফলে সৃষ্ট ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!