অর্থনীতি

নির্বাচনের পর প্রথম দিনে ডিএসইতে বড় উত্থান, ২০ মিনিটে লেনদেন ২২৬ কোটি টাকা

আপডেট: ফেব ১৫, ২০২৬ : ০৫:২৯ এএম
নির্বাচনের পর প্রথম দিনে ডিএসইতে বড় উত্থান, ২০ মিনিটে লেনদেন ২২৬ কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শেয়ারবাজারে প্রথম কার্যদিবসেই বড় উত্থানের আভাস মিলেছে।  আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–এর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১০ পয়েন্টের বেশি।

একই সময়ে লেনদেন হয়েছে প্রায় ২২৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে লেনদেন শুরুর পর থেকেই সূচকের ঊর্ধ্বগতি দেখা যায়। সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইএক্স সূচক ১১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫১১ পয়েন্টে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ বেড়ে ৩৯ পয়েন্ট উঠে ২ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি শেয়ার ও ইউনিটের মধ্যে ৩৫২টির দর বেড়েছে, কমেছে মাত্র ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দর। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় সূচকে এই বড় উত্থান হয়েছে।
লেনদেনের দিক থেকেও দিনটির শুরুটা ছিল ব্যতিক্রমী। সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যেখানে সাম্প্রতিক সময়ে পুরো কার্যদিবস মিলিয়ে লেনদেন ২০০ কোটি টাকার ঘরে সীমাবদ্ধ ছিল।
নির্বাচন উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকার পর রোববার শেয়ারবাজারে লেনদেন চালু হয়। বাজার–সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা কেটে যাওয়ার প্রভাবেই বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে সূচক ও লেনদেনে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!