জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ সরকারি ছুটি এবং ই–চালান ব্যবস্থায় সাময়িক প্রযুক্তিগত জটিলতার কারণে চলতি কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি–২০২৬ কর মেয়াদের রিটার্ন আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দাখিল করা যাবে।
সাধারণ নিয়মে প্রতি মাসের ১৬ তারিখ ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন। তবে নির্বাচনী ছুটির কারণে অফিস কার্যক্রমে বিঘ্ন এবং ১৫ ফেব্রুয়ারি ই–চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারেননি বলে জানিয়েছে এনবিআর সূত্র।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে পাঠানো এক চিঠিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বলেন, করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে জানুয়ারি–২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময় ১৬ ফেব্রুয়ারির পরিবর্তে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
এনবিআর সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত নতুন সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল করলে বিলম্বজনিত জরিমানা প্রযোজ্য হবে না। তবে ২২ ফেব্রুয়ারির পর সাধারণ বিধান অনুযায়ী সুদ ও জরিমানার বিধান কার্যকর হবে।
করদাতাদের দ্রুত অনলাইনে রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে রাজস্ব বোর্ড।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!