অর্থনীতি

নমুনা নোট নিয়ে বিভ্রান্তি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

আপডেট: ফেব ১৬, ২০২৬ : ০৭:৫৭ এএম
নমুনা নোট নিয়ে বিভ্রান্তি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে নমুনা নোট দিয়ে প্রতারণা ও অবৈধ কার্যক্রমের বিষয়ে জনগণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক, ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মে বড় আকারের ‘নমুনা নোট’ ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এসব নোট আসল টাকার ডিজাইন ও আকার অনুকরণ করছে এবং জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাজারে বা জনসমাগমে এই ধরনের কাগজ ব্যবহার করা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর অধীনে এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য।

প্রতিষ্ঠানটি সবাইকে সতর্ক করে বলেছে, আসল নোটসদৃশ কাগজ তৈরি, ব্যবহার বা প্রচারণা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে বিশ্বাস না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, জনগণ নোটের বৈশিষ্ট্য জানতে এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের ওয়েবসাইটে দেখতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!