দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, যা সোমবার ছিল ২ লাখ ৬১ হাজার টাকা।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বাজুস বলেছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারে সমন্বয় করা হয়েছে।
সংগঠনটির নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হবে।
তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম নিম্নমুখী। সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৯৫৮ ডলার, যা আগের দিন ছিল ৫ হাজার ৪০ ডলার। এর আগে ৩০ জানুয়ারি দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি উঠেছিল ৫ হাজার ৫৫০ ডলারে। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে গত মাসের শেষ দিকে দেশেও সোনার দাম রেকর্ড পরিমাণে বেড়ে যায়। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!