অর্থনীতি

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না: আমীর খসরু মাহমুদ চৌধুরী

আপডেট: ফেব ১৮, ২০২৬ : ০৮:৩৯ এএম
পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না: আমীর খসরু মাহমুদ চৌধুরী

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থা ভালো নয়। সবার আগে প্রতিষ্ঠানগুলো কীভাবে পুনরুদ্ধার করা যায়, তা নির্ধারণ করতে হবে। তিনি বলেন, “প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে হবে, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং দক্ষতা বাড়াতে হবে। এসব উপাদান অনুপস্থিত থাকলে বড় বড় কর্মসূচি নিয়েও কাঙ্ক্ষিত ফল আসবে না।”

পৃষ্ঠপোষকতা-নির্ভর অর্থনীতির সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি কেবল কিছু মানুষের জন্য হতে পারে না। “লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষের যেন অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ থাকে এবং অর্থনীতির সুফল যেন তাদের কাছে পৌঁছে,” যোগ করেন তিনি।

নিয়ন্ত্রণ শিথিল করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, দেশে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। “পৃষ্ঠপোষকতা রাজনীতি করতে গিয়ে অর্থনীতি ওভার-রেগুলেটেড হয়ে গেছে। সিরিয়াসলি ডিরেগুলেটেড করতে হবে,” বলেন তিনি।

অর্থনীতিতে উদারীকরণের ওপর জোর দিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে লিবারালাইজেশন প্রয়োজন। এতে প্রতিযোগিতা বাড়বে এবং অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এর আগে ২০০১ সালে বিএনপি–জামায়াত জোট সরকারের সময়ে তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!