পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়া এ সময়সূচি অনুযায়ী, রমজানজুড়ে ব্যাংকের লেনদেন চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত।
অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় গ্রাহক সেবা ও লেনদেন কার্যক্রম চালু রাখতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে এ সময়সূচি ঘোষণা করা হয়। এতে দেশের কার্যরত সব তফসিলি ব্যাংককে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
বর্তমানে সাধারণ সময়ে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতিবছরের মতো এবারও রমজান মাসে ব্যাংকের লেনদেন ও অফিস সময় কমিয়ে আনা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র রমজান মাস শেষ হলে ব্যাংকের স্বাভাবিক সময়সূচি পুনরায় বহাল হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!