অর্থনীতি

১৮ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

আপডেট: ফেব ২০, ২০২৬ : ০৫:১৪ এএম
১৮ দিনেই ২ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনেই দেশে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। জাতীয় সংসদ নির্বাচন ও সামনে রমজানকে ঘিরে পরিবারের বাড়তি ব্যয় মেটাতে প্রবাসীরা বৈধ পথে বেশি অর্থ পাঠাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ২০০ কোটির বেশি ডলার দেশে এসেছে। রেমিট্যান্সের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন অর্থনীতিবিদেরা।

বাংলাদেশ ব্যাংক–এর তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর আগে গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ডলার এসেছিল, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। আর একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫ সালে দেশে মোট ৩ হাজার ২৮২ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের মাসভিত্তিক চিত্রে দেখা যায়, জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

এ অর্থবছরের জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৫৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৭৬৩ কোটি ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২২ দশমিক ৩ শতাংশ।

রিজার্ভ পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্ট ব্যাংকারেরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও হুন্ডি কার্যক্রম কমে আসায় প্রবাসীরা আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ পাঠাতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। পাশাপাশি ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকাও বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সহায়ক ভূমিকা রাখছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!