অর্থনীতি

বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

আপডেট: ফেব ২০, ২০২৬ : ০৫:৫১ এএম
বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে দেশের বাজারে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুদ রয়েছে। তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত।”

শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়গুলো বাস্তবায়নে আমরা কাজ করতে চাই। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও উল্লেখ করেন, “বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের জন্য আমাদের এআই ও ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে।”

মন্ত্রী বলেন, “সিলেটে বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, লাল ফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রস্তুত করা হচ্ছে, যা খুব শিগগিরই দৃশ্যমান হবে।”

এসময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!