অর্থনীতি

ভরিতে তিন হাজারের বেশি বাড়ল সোনার দাম

আপডেট: ফেব ২১, ২০২৬ : ০৫:৩৬ এএম
ভরিতে তিন হাজারের বেশি বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি ২ লাখ ৫৮ হাজার টাকার ওপরে উঠেছে।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দর সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এর আগে ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।

বাজুস বলছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বিশ্ববাজারের দর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্যানুসারে, শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টা ২৫ মিনিটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ১০৬ মার্কিন ডলার, যা আগের দিন ছিল ৪ হাজার ৯৭৮ ডলার।

এর আগে ৩০ জানুয়ারি স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ২০০ ডলারে এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে দামের লাফালাফির প্রভাবে দেশের বাজারেও রেকর্ড হারে বাড়ানো হয় সোনার দাম। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়েই দেশের স্বর্ণবাজারে এ দামের ওঠানামা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!