সকালে দাম বাড়ানোর পর রাতেও আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে। জানানো হয়, ১ মার্চ থেকে তা কার্যকর হবে। বাজুস বলেছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে নতুন করে সমন্বয় করা হয়েছে। নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৯৯৮ টাকা। ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা—বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার খবরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারের দর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্য অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ২৭৮ ডলারে উঠেছে।
এর আগে ৩০ জানুয়ারি সোনার দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
গত জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে দামের উল্লম্ফনের প্রভাব দেশীয় বাজারেও পড়ে। ২৯ জানুয়ারি সকালে এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!