অর্থনীতি

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াল

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৫:২২ এএম
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াল

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসী আয় বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি টাকা। গত বছরের একই মাসে রেমিট্যান্স ছিল ২৫২ কোটি ডলার। সে হিসাবে এবার বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক–এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। রমজান ও ঈদকে সামনে রেখে প্রবাসীরা পরিবারের বাড়তি খরচ মেটাতে বেশি অর্থ পাঠাচ্ছেন।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৪৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৮৪৯ কোটি ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি ২১ দশমিক ৪ শতাংশ।

একক মাস হিসাবেও সাম্প্রতিক সময়ে রেকর্ড প্রবাহ দেখা গেছে। চলতি বছরের জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ডলার, যা একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ। এর আগে গত বছরের ডিসেম্বরে আসে ৩২২ কোটি ডলার। দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার আসে গত বছরের মার্চে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে।

২০২৫ সালের পুরো বছরে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৮২ কোটি ডলার।

চলতি অর্থবছরের মাসভিত্তিক হিসাবে জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৩ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এর হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার।

ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, হুন্ডির মতো অবৈধ পথে অর্থ পাঠানো কমে আসা এবং ব্যাংকিং চ্যানেলে বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল থাকায় বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ বাড়ছে প্রবাসীদের মধ্যে। এর ইতিবাচক প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!