সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক–এর নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গভর্নরের কার্যালয়ে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রশাসক ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
গভর্নর জানান, ব্যাংকগুলো থেকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, একীভূতকরণের পর ব্যাংকের আর্থিক অবস্থা, গ্রাহকসেবা এবং ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কথা জানিয়েছেন গভর্নর। বর্তমান পরিচালনা পর্ষদ বহাল থাকবে বলেও জানানো হয়।
এ ছাড়া পাঁচ ব্যাংকের আওতাধীন সচল শিল্পকারখানাগুলোর উৎপাদন কার্যক্রম চালু রাখা এবং বিদেশি বকেয়া পরিশোধের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ ঘোষণা একীভূতকরণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করবে।
এর আগে রোববার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)–এর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গভর্নর একই বার্তা দেন। তিনি বলেন, ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করা হবে না।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার আমানতকারীদের স্বার্থ রক্ষায় এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে।
নতুন এ ব্যাংক ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা জোগান দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা এসেছে আমানতকারীদের তহবিল থেকে। প্রায় ৭৮ লাখ আমানতকারীর সুরক্ষায় আমানত বীমা তহবিল থেকে ২ লাখ টাকা করে মোট ১২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!