রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন–ভাতা ও বোনাস পরিশোধের চাপের মধ্যে এ সিদ্ধান্ত উদ্যোক্তাদের জন্য স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এক বিজ্ঞপ্তিতে বলেন, ঈদের আগে কারখানাগুলোতে শ্রমিকদের বেতন, বোনাস, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধে যে চাপ তৈরি হয়েছে, এই অর্থ বরাদ্দ তা মোকাবিলায় সহায়ক হবে।
বিজিএমইএ জানায়, আটকে থাকা নগদ সহায়তার অর্থ ছাড়ে সংগঠনটির বর্তমান বোর্ড সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ের মহল, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক–এর সঙ্গে একাধিক বৈঠক করেছে। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ে এ তহবিল অনুমোদিত হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১ হাজার ৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১ হাজার কোটি টাকা দেওয়া হবে। দুই ধাপে মোট ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা হচ্ছে।
সংগঠনটি সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বকেয়া অর্থ প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!