২০২৫-২৬ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৪০ লাখের বেশি করদাতা। এর মধ্যে করযোগ্য সীমার নিচে আয় দেখিয়ে ‘জিরো রিটার্ন’ দিয়েছেন ২২ লাখ ৮২৭ জন। জাতীয় রাজস্ব বোর্ড (জাতীয় রাজস্ব বোর্ড)-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দাখিল করা ই-রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা রয়েছেন।
রিটার্ন বিশ্লেষণে দেখা যায়, বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ ও ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ জন নারী। বাড়িভাড়া থেকে আয় দেখিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন পুরুষ এবং ৮৪ হাজার ৪৭৭ জন নারী করদাতা।
করযোগ্য সীমার নিচে আয় দেখানো করদাতাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ জন এবং নারী ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন।
আয়ের স্তরভিত্তিক হিসাবে দেখা যায়, ৫ লাখ থেকে ১০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন পুরুষ এবং ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন নারী। ১০ লাখ থেকে ২০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন পুরুষ ও ৪৭ হাজার ৫৩২ জন নারী। ২০ লাখ থেকে ৪০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫৪ হাজার ২১২ জন পুরুষ এবং ১১ হাজার ৪৫৫ জন নারী। ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ২৯ হাজার ৮০ জন পুরুষ এবং ৫ হাজার ১১৭ জন নারী করদাতা।
এ ছাড়া সম্পদের পরিমাণ সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ ও ১১ হাজার ৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন।
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, গত আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বরে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং ডিসেম্বরে ৯ লাখ ৭৮ হাজার ১৯৮ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেন। চলতি বছরের জানুয়ারিতে ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩ জন, ফেব্রুয়ারিতে ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন এবং মার্চের প্রথম চার দিনে ৩৬ হাজার ৭০০ জন রিটার্ন জমা দিয়েছেন। গত বছর নির্ধারিত সময়ের মধ্যে ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছিলেন।
এ বছর এক বিশেষ আদেশে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রম গত বছরের ৪ আগস্ট উদ্বোধন করা হয়। এনবিআর বলছে, করদাতাদের ব্যাপক অংশগ্রহণ দেশের কর ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখছে। ব্যক্তি-শ্রেণির করদাতাদের আগামী ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিলের অনুরোধ জানানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!