অর্থনীতি

অধিকাংশ শেয়ারের দাম বাড়লেও সূচক ও লেনদেনে ভাটা

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৫:৪০ এএম
অধিকাংশ শেয়ারের দাম বাড়লেও সূচক ও লেনদেনে ভাটা

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের শেয়ারবাজারে অস্থিরতার মধ্যেই লেনদেন শেষ হয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমেছে প্রধান মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনশেষে বাজারটিতে ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর। অর্থাৎ দাম কমার তুলনায় দ্বিগুণের বেশি প্রতিষ্ঠানের দর বেড়েছে। এরপরও বড় মূলধনী কিছু প্রতিষ্ঠানের দর কমে যাওয়ায় সামগ্রিক সূচক ঋণাত্মক হয়েছে।

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৩ পয়েন্টে নেমেছে। ডিএসই শরিয়াহ সূচক ০ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫ পয়েন্টে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, দিনের শুরুতে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। তবে প্রথম ঘণ্টা পার হওয়ার পর দাম বাড়ার তালিকা বড় হতে থাকায় সূচকও কিছু সময় ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু শেষদিকে বড় মূলধনী কয়েকটি প্রতিষ্ঠানের দর কমে যাওয়ায় সূচক আবার নিম্নমুখী হয়।

লেনদেনের পরিমাণেও বড় ভাটা পড়েছে। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮২ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৮৮৫ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে এক দিনে লেনদেন কমেছে ৩০২ কোটি ৭৫ লাখ টাকা।

খাতভিত্তিক হিসাবে দেখা যায়, ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ভালো মৌলভিত্তিসম্পন্ন ১০৭টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। মাঝারি মানের কোম্পানির মধ্যে ৪৪টির দর বেড়েছে, ২৫টির কমেছে এবং ৯টির অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ শ্রেণির ৭৬টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০টির দর বেড়েছে, ৪টির কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনে শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, কোম্পানিটির ৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৬ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের লেনদেন হয়েছে ১৪ কোটি ৪ লাখ টাকা। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ব্র্যাক ব্যাংক, সি পার্ল বিচ রিসোর্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রবি, ঢাকা ব্যাংক ও গ্রামীণফোন।

অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)–এও একই চিত্র দেখা গেছে। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৮ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দর বেড়েছে, ৯৬টির কমেছে এবং ১৬টির অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ২৩ কোটি ৫৬ লাখ টাকা।

বাজারে টানা ওঠানামার এই প্রবণতায় বিনিয়োগকারীদের মধ্যে এখনও সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!