অর্থনীতি

টিআইবি: নতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করা হোক

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৬:৫০ এএম
টিআইবি: নতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করা হোক

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, নিরপেক্ষতা ও স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

গত ২৫ ফেব্রুয়ারি অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে গভর্নরের ব্যবসায়িক পরিচয় ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে নিয়োগ সংক্রান্ত ‘স্বার্থের দ্বন্দ্ব’ বা কনফ্লিক্ট অব ইন্টারেস্টের প্রশ্ন তুলেছেন অনেকে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা ও অভিজ্ঞতা থাকা অবশ্যক। পাশাপাশি গভর্নরের দায়িত্বের আওতাভুক্ত বিষয়গুলোতে স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে ভূমিকা পালনে সক্ষম ব্যক্তিকে নিয়োগ দিতে হবে।”

তিনি সরকারের দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে কৌশলগত পথনির্দেশনা প্রদান করার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজি রোধে প্রয়োজনীয় নির্দেশনা জারি করার প্রস্তাব দেন।

সংবাদ সম্মেলনে টিআইবি পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ বাতিল, ডিজিএফআই, এসবি, ডিবি ও এনএসআই সংস্কারের উদ্যোগ নেওয়া এবং র‍্যাব বিলুপ্তির প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছে।

এসময় সংস্থার পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!