পবিত্র রমজান মাস, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের প্রতি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার এক বার্তায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহকদের জন্য সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের পরিমিত ব্যবহার নিশ্চিত করা জরুরি।
বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত পাম্প চালু রাখা যেতে পারে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ‘ওয়েট অ্যান্ড ড্রাই’ পদ্ধতিতে সেচ কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার আহ্বান জানানো হয়েছে। দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতেও বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দুর্ঘটনা এড়াতে অবৈধ সংযোগ বা ‘হুকিং’ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে ইজিবাইক, অটোরিকশা ইত্যাদি যানবাহনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জিং না করার অনুরোধ জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের মতে, বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত পিক আওয়ারে এসি, ওয়েল্ডিং মেশিন, লন্ড্রি মেশিন, ওভেন বা মাইক্রোওভেন, হিটার, পানির পাম্প, ইস্ত্রি এবং বৈদ্যুতিক বিলবোর্ডের মতো বেশি বিদ্যুৎ ব্যবহারকারী যন্ত্রপাতির ব্যবহার বন্ধ রাখা উচিত।
বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রাহকেরা এসব নির্দেশনা মেনে চললে সেচ মৌসুম ও রমজান মাসে সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সহজ হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!