অর্থনীতি

ব্যাংকের জন্য ভবন ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

আপডেট: মার্চ ০৬, ২০২৬ : ০৫:৪৫ এএম
ব্যাংকের জন্য ভবন ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক শাখা, উপশাখা ও অন্যান্য ব্যবসাকেন্দ্রের জন্য ভবন ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সীমার মধ্যে ভাড়া হলে আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। তবে নির্ধারিত সীমার বেশি ভাড়া দিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি স্থাপনার মালিক সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালক বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হন, সেক্ষেত্রেও ভাড়ার পরিমাণ যা-ই হোক না কেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

ঢাকা সিটি করপোরেশন এলাকায় প্রতি বর্গফুট স্থাপনার সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা। ঢাকার ‘ক’ শ্রেণির পৌরসভায় সর্বোচ্চ ভাড়া ২৮ টাকা এবং পল্লি এলাকায় ২৪ টাকা। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৬১ টাকা, ‘ক’ শ্রেণির পৌরসভায় ২৭ টাকা এবং পল্লি এলাকায় ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের আটটি বিভাগীয় অঞ্চলে সিটি করপোরেশন, ‘ক’ শ্রেণির পৌরসভা ও পল্লি—এই তিন শ্রেণিতে ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভবনের অবস্থান, ফ্লোরের অবস্থান ও স্থাপনার মান বিবেচনায় রেখে নির্ধারিত সর্বোচ্চ সীমার মধ্যে যৌক্তিকভাবে ভাড়া নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকের ব্যবসাকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এবং ভাড়া চুক্তি মেয়াদ শেষ হলে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রবণতা বাড়ছে। নতুন নির্দেশনার মাধ্যমে ভাড়া অনুমোদনের প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!