দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম কমে দুই লাখ ৬৫ হাজার টাকার নিচে নেমে এসেছে।
আজ সোমবার (৯ মার্চ) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, তেজাবি বা পিওর গোল্ডের দাম আন্তর্জাতিক বাজারে কিছুটা কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায়।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হবে।
বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। বিশ্ববাজারে ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনার কারণে গত সপ্তাহে সোনার দাম বেড়েছিল। তবে সোমবার কিছুটা দরপতন দেখা গেছে।
স্বর্ণের আন্তর্জাতিক দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্য অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৫ হাজার ৯০ ডলার। আগের দিন যা ছিল প্রায় ৫ হাজার ১৭০ ডলার।
এর আগে গত জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা যায়। সে সময় এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!