অর্থনীতি

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩ শতাংশ

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৫:৩৫ এএম
ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩ শতাংশ

দেশে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে। আগের মাস জানুয়ারিতে এ হার ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে দ্রব্যমূল্যের চাপ কিছুটা বেড়েছে।

রোববার (৮ মার্চ) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)–এর ভোক্তা মূল্যসূচক বা Consumer Price Index (সিপিআই)–এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। এ মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে, যা জানুয়ারিতে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ০১ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৮১ শতাংশ।

তবে গত বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। সে সময় খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।

বিবিএস জানায়, প্রতি মাসে মাঠপর্যায়ে বিভিন্ন পণ্য ও সেবার দাম সংগ্রহ করে ভোক্তা মূল্যসূচক নির্ধারণ করা হয়। ২০২১–২২ অর্থবছরকে ভিত্তি বছর ধরে জাতীয়, পল্লী ও শহর—এই তিন ভাগে আলাদাভাবে মূল্যস্ফীতির হিসাব করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মাসভিত্তিক হিসাবেও মূল্যস্ফীতি বেড়েছে। ফেব্রুয়ারিতে মাস টু মাস ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে ০ দশমিক ৫৫ শতাংশ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!