আসন্ন ঈদুল ফিতরের সাত দিনব্যাপী ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্নে আর্থিক লেনদেনের সুযোগ নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট সোমবার (৯ মার্চ) এই সংক্রান্ত নির্দেশনা পাঠায়। এতে বলা হয়, ঈদের ছুটির সময় যেন গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য ব্যাংকগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
নির্দেশনায় এটিএম বুথের ক্ষেত্রে বলা হয়েছে:
সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে।
কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে।
পর্যাপ্ত নগদ সরবরাহ নিশ্চিত করতে হবে।
বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থান ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পয়েন্ট অব সেল (পিওএস) সেবায় নির্দেশনা অনুযায়ী সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে এবং জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করা হবে। ই-পেমেন্ট গেটওয়ে লেনদেনে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে।
মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এছাড়া ঈদের সময় সকল লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহককে জানানো হবে এবং ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালাতে হবে।
ঈদুল ফিতরের ছুটি চলাকালীন ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ ২১ মার্চ উদযাপিত হতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!