অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংঘাত ও জ্বালানি অনিশ্চয়তায় হুমকিতে বেসরকারি খাত

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৬:২৩ এএম
মধ্যপ্রাচ্য সংঘাত ও জ্বালানি অনিশ্চয়তায় হুমকিতে বেসরকারি খাত

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত, বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার কারণে বাংলাদেশের বেসরকারি খাতের অগ্রগতি বিপন্ন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

সোমবার (৯ মার্চ) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বেসরকারিখাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ উদ্বেগ প্রকাশ করেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের আর্থিক সুপারিশ বাস্তবায়নে কার্যকর নীতি প্রণয়নের কাজ চলছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় সরকার সচেতন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষ পেতে পারে সেটি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বৈশ্বিক বাণিজ্যে হুমকি তৈরি হয়েছে। বিশেষ করে শিল্পখাতে ব্যবহৃত জ্বালানি আমদানি নির্ভর হওয়ায় বেসরকারি খাতের অস্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে। তিনি এলডিসি উত্তরণ আরও ৩ বছর পিছিয়ে দেওয়া, সংকোচনমুখী মুদ্রানীতি প্রত্যাহার এবং সুদের হার কমানোর দাবি জানান।

পরিকল্পনা কমিশনের সদস্য ড. মঞ্জুর হোসেন বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে হলে উৎপাদনশীল খাতকে অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আকতার হোসেন সতর্ক করেন, মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে অর্থনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে; তাই প্রয়োজনীয় হলে সংকোচনমুখী মুদ্রানীতি নেওয়া হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার, বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, যুক্তরাজ্যভিত্তিক রিডিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম রিয়াজ আসাদুল্লাহ এবং বিজিএমইএ’র পরিচালক ফয়সাল সামাদ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!