অর্থনীতি

শেয়ারবাজারে এক বছরে সাড়ে ১৩ হাজার নারী বিনিয়োগকারী কমেছে

আপডেট: মার্চ ১১, ২০২৬ : ০৮:৪৯ এএম
শেয়ারবাজারে এক বছরে সাড়ে ১৩ হাজার নারী বিনিয়োগকারী কমেছে

দেশের শেয়ারবাজারে গত এক বছরে নারী বিনিয়োগকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সার্বিকভাবে বাজার নিম্নমুখী হওয়ায় বড় অংকের বিনিয়োগকারী বাজার ছেড়েছেন। এর মধ্যে নারী বিনিয়োগকারীরা তাদের পরিচালিত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবগুলোর মধ্যে সাড়ে ১৩ হাজারের বেশি বন্ধ করেছেন।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৯ মার্চ শেয়ারবাজারে নারী বিও হিসাবধারীর সংখ্যা ছিল ৪ লাখ ৪ হাজার ৩১১। ২০২৬ সালের ৮ মার্চ তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৭২৪। অর্থাৎ বছরের ব্যবধানে নারী বিও হিসাবধারীর সংখ্যা কমেছে ১৩ হাজার ৫৪৭।

তথ্য অনুযায়ী, আলোচিত বছরে সব ধরনের বিও হিসাবধারীর সংখ্যা কমেছে। তবে মোট সংখ্যার তুলনায় নারী বিনিয়োগকারীরা পুরুষদের তুলনায় বেশি হারে বাজার ছেড়েছেন।

গত বছরের ৯ মার্চ শেয়ারবাজারে মোট বিও হিসাবধারীর সংখ্যা ছিল ১৬ লাখ ৮৭ হাজার ১৫১। ৮ মার্চ তা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫১ হাজার ৭৭৯। অর্থাৎ বছরের ব্যবধানে মোট বিও হিসাব কমেছে ৩৫ হাজার ৩৭২। এর মধ্যে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা কমেছে ২২ হাজার ১৫৪, যা ১২ লাখ ৬৫ হাজার ২০৮ থেকে ১২ লাখ ৪৩ হাজার ৫৪-এ নেমেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, বাজারে দীর্ঘমেয়াদি সুনিশ্চিত নীতিমালা এবং নারীর বিনিয়োগ সচেতনতা বৃদ্ধি না হলে নারীর অংশগ্রহণ আরও কমতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!