নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩০৫ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।
বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই তেল কেনার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়-এর এক প্রস্তাবে চার লটে ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩৫ কোটি ১৫ লাখ টাকা। এ তেল সরবরাহ করবে যশোরের মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড, ঢাকার গ্রীন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রি, তামীম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ২০ লাখ লিটার করে তেল কেনা হবে।
এ ছাড়া একই বৈঠকে পাঁচ লটে আরও ১ কোটি লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা। এ তেল সরবরাহ করবে মজুমদার ব্রান অয়েল মিলস, মজুমদার প্রোডাক্টস লিমিটেড, তামীম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং গ্রীন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিসহ পাঁচটি প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ২০ লাখ লিটার করে তেল কেনা হবে।
সরকারি সূত্র জানায়, এই তেল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!