অর্থনীতি

দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

আপডেট: মার্চ ১২, ২০২৬ : ০৫:১৩ এএম
দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সরকার দ্বিগুণের বেশি দামে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দুই কার্গো এলএনজি আসবে দক্ষিণ কোরিয়া থেকে এবং এক কার্গো যুক্তরাজ্য থেকে। এই তিন কার্গো এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে ২ হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ২৮০ টাকা।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাব আনা হয়। ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫’-এর বিধি-১০৫(৩)(ক) অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আনা হবে। পরিকল্পনা অনুযায়ী, এক কার্গো এলএনজি ৫-৬ এপ্রিল, দ্বিতীয়টি ৯-১০ এপ্রিল এবং তৃতীয়টি ১২-১৩ এপ্রিল দেশে পৌঁছাবে।

তিন কার্গোর মধ্যে যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানি করা হবে ৯০৭ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩০৪ টাকায়। প্রতি এমএমবিটিইউ’র মূল্য ধরা হয়েছে ২১.৫৮ মার্কিন ডলার। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে একই প্রতিষ্ঠান থেকে এক কার্গো এলএনজি কিনতে খরচ হয়েছিল ৪৩৬ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৮৫২ টাকা, প্রতি এমএমবিটিইউ’র দাম ছিল ১০.৩৭ ডলার।

দক্ষিণ কোরিয়া থেকে এলএনজি আমদানিতেও দ্বিগুণের বেশি খরচ হচ্ছে। পসকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে দুই কার্গো এলএনজি কেনার জন্য প্রতি কার্গোর মূল্য ধরা হয়েছে ৮৭৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৮৮ টাকা, প্রতি এমএমবিটিইউ’র দাম ২০.৭৬ ডলার।

সরকারি সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে এলএনজি আমদানিতে এই অতিরিক্ত ব্যয় করা প্রয়োজন হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!