বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর প্রতিনিধিদল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান-এর সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে পোশাক শিল্পের সংকট নিরসনের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও অভ্যন্তরীণ সীমাবদ্ধতার কারণে দেশের পোশাক শিল্প কঠিন সময় পার করছে। অনেক ব্যাংক ঋণ পুনঃতফসিলীকরণ করলেও প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটাল সরবরাহ করা হচ্ছে না, যা কারখানা সচল রাখা এবং সময়মতো ঋণ পরিশোধে ব্যাঘাত সৃষ্টি করছে।
প্রতিনিধিদল কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রস্তাবনা দেন:
নগদ সহায়তার হার বৃদ্ধি ও তা নিয়মিত বহাল রাখা,
প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের পরিমাণ ৫ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি টাকা করা,
প্যাকিং ক্রেডিটের সুদের হার ৭ শতাংশে নামানো,
রপ্তানি ঋণে সুদের হার সিঙ্গেল ডিজিটে আনা,
ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ শর্তে ঋণ সুবিধা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান সভায় আশ্বস্ত করেন, নগদ সহায়তার অর্থ এখন থেকে সংশ্লিষ্ট মাসেই ছাড় দেওয়া হবে এবং কোনো আবেদন পেন্ডিং রাখা হবে না। এছাড়া তারল্য সংকটের কারণে কারখানাগুলোর বেতন-ভাতা ও বিদ্যুৎ বিল পরিশোধে সমস্যা সমাধানের জন্য বিশেষ তদারকি নেওয়া হবে।
গভর্নরের এই পদক্ষেপগুলোর মাধ্যমে পোশাক শিল্পের চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং কর্মসংস্থান রক্ষা করতে সহায়তা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন বিজিএমইএ প্রতিনিধিদল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!