অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ মাসুম

আপডেট: মার্চ ১৩, ২০২৬ : ০৬:০৩ এএম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ মাসুম

বাংলাদেশ ব্যাংক–এর নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ইমতিয়াজ আহমদ মাসুম। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক তাকে এ পদে পদোন্নতি দেয়।

ইমতিয়াজ আহমদ মাসুম ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স উপবিভাগ, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন অ্যান্ড ভিজিলেন্স বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি), অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ফ্যাসিলিটি–টু (আইপিএফএফ–২) প্রকল্প এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)–এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষাজীবনে ইমতিয়াজ আহমদ মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়–এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (থাইল্যান্ড) থেকে প্রফেশনাল মাস্টার্স ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডিগ্রি লাভ করেন। এছাড়া ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট–এর যৌথ উদ্যোগে পরিচালিত সার্টিফায়েড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম) প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।

দাপ্তরিক প্রয়োজনে তিনি ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ইংল্যান্ড, থাইল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড ও তুরস্কসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ২০২১ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের ‘এএমএল রিস্কিং অ্যাওয়ার্ড’ (বেস্ট ক্যাটাগরি) লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!