অর্থনীতি

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

আপডেট: মার্চ ১৪, ২০২৬ : ০৮:২০ এএম
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেলেও দৈনিক গড় লেনদেন প্রায় ২৪ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ২.৪৩ শতাংশ বেড়ে ৫,৩৬৮ পয়েন্টে পৌঁছেছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ ৫৪.৭৪ পয়েন্ট বেড়ে ২,০৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএসও ৩০.৭০ পয়েন্ট বেড়ে ১,৭৯ পয়েন্টে পৌঁছেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২৪টির দর বেড়েছে, ৩৮টির কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত ছিল। সবচেয়ে বেশি অবদান রেখেছে ইসলামী ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

বিশ্লেষকরা বলছেন, সপ্তাহের শুরুতে একদিনে রেকর্ড দরপতনের ফলে শেয়ার আকর্ষণীয় পর্যায়ে নেমে আসে। এছাড়া মধ্যপ্রাচ্য সংঘাতের বাজার প্রভাব নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়ায় সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড় লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা, আগের সপ্তাহে যা ছিল ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা। এতে এক সপ্তাহে দৈনিক গড় লেনদেন ২৩.৭১ শতাংশ কমেছে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক খাতের শেয়ারের আধিপত্য ২০.৪৬ শতাংশ। ওষুধ ও রসায়ন খাতের দখল ১৬.০৭ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাত ৯.৭৬ শতাংশ, বস্ত্র খাত ৯.২৯ শতাংশ এবং প্রকৌশল খাত ৬.১৪ শতাংশ। সব খাতের শেয়ার ইতিবাচক রিটার্ন দেখিয়েছে। সবচেয়ে বেশি রিটার্ন এসেছে সিমেন্ট খাতে (৭.৬২%), এরপর তথ্যপ্রযুক্তি (৫.২৮%), জীবন বিমা (৪.৬৫%), ভ্রমণ ও অবকাশ (৩.৮%) এবং টেলিযোগাযোগ (৩.৭৭%) খাতে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ১.০৫% বেড়ে ১৪,৯৮০ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১.১০% বেড়ে ৯,১৬০ পয়েন্টে পৌঁছেছে। সিএসইতে গত সপ্তাহে ১৬৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ১৪৩টির দর বেড়েছে, ১০৩টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!