অর্থনীতি

ঈদকে সামনে রেখে বাড়ছে প্রবাসী আয়

আপডেট: মার্চ ১৬, ২০২৬ : ০৫:১৯ এএম
ঈদকে সামনে রেখে বাড়ছে প্রবাসী আয়

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষে দেশে পরিবার–পরিজনের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠাচ্ছেন। কেনাকাটা ও উৎসবকেন্দ্রিক ব্যয় বৃদ্ধির কারণেই রেমিট্যান্স প্রবাহে এই চাঙাভাব দেখা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা প্রায় ২২০ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার প্রায় ১২৩ টাকা) বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার ১২১ কোটি টাকার বেশি। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে আশা করছেন কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক–এর তথ্য বলছে, গত ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।

এ ছাড়া চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত মোট ৬ হাজার ৫৮০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ দশমিক ৬৬ শতাংশ বেশি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!