ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য নতুন গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া ঋণের সর্বোচ্চ সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে।
রোববার জারি করা এই নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগের তুলনায় অনিরাপদ ঋণের সীমাও বাড়ানো হয়েছে। আগে যেখানে অনিরাপদ ঋণের সর্বোচ্চ সীমা ছিল ১০ লাখ টাকা, সেখানে তা বাড়িয়ে ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে দৈনন্দিন লেনদেনে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। নগদ অর্থ বহনের পরিবর্তে অনেকেই বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। এ পরিস্থিতিতে ক্রেডিট কার্ড ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে আগের নীতিমালা হালনাগাদ করে নতুন গাইডলাইন জারি করা হয়েছে।
নতুন নির্দেশনায় গ্রাহক সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ক্রেডিট কার্ড–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বশীলভাবে ঋণ বিতরণে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ গাইডলাইনে ক্রেডিট কার্ডের ধরন, গ্রাহকের যোগ্যতা নির্ধারণ, ঋণসীমা, সুদের হার, কার্ড ইস্যু ও বিপণন, বিলিং ও অর্থ আদায়ের পদ্ধতি, গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ক্রেডিট কার্ড–সংক্রান্ত গ্রাহকের অভিযোগ, জালিয়াতি, লেনদেন পরিশোধে জটিলতা ও বিভিন্ন বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো পর্যালোচনা করেই এই নতুন গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা অনুসরণ করে ক্রেডিট কার্ড কার্যক্রম পরিচালনা করতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!