অর্থনীতি

রপ্তানিতে নতুন সুবিধা, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

আপডেট: মার্চ ১৭, ২০২৬ : ০৬:১২ এএম
রপ্তানিতে নতুন সুবিধা, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে শিপিং বা পরিবহন–সংক্রান্ত ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতার কাছে পাঠানো যাবে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। সার্কুলারে বলা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করার সুযোগ দিতে পারবে। এর ফলে রপ্তানিকারকেরা এসব ডকুমেন্ট সরাসরি ক্রেতা বা তাদের প্রতিনিধির কাছে পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, অনেক বিদেশি ক্রেতা দ্রুত পণ্য ছাড় করার সুবিধার জন্য নিজেদের নামে ডকুমেন্ট ইস্যুর অনুরোধ করে থাকেন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনায় গতি আসে।

তবে রপ্তানি আয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু শর্তও আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে বৈধ রপ্তানি আদেশ রয়েছে এবং বিদেশি ক্রেতা বা কনসাইনির পরিচয় যথাযথভাবে যাচাই করা হয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, নতুন এ সুবিধা রপ্তানিকারকদের জন্য বিশ্ববাজারে ব্যবসা সহজ করবে। একই সঙ্গে ক্রেতাদের শর্ত পূরণে নমনীয়তা বাড়বে এবং নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও আরও কার্যকর হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!