অর্থনীতি

চম্পাতলী খাল খননে দেড় হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসবে: বাণিজ্য মন্ত্রী

আপডেট: মার্চ ১৭, ২০২৬ : ০৬:৪৭ এএম
চম্পাতলী খাল খননে দেড় হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসবে: বাণিজ্য মন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের চম্পাতলী খাল খননের মাধ্যমে দেড় হাজার বিঘা জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে।

আজ সকাল সিলেটের ওসমানীনগর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, শুষ্ক মৌসুমে সেচ সুবিধার অভাবে কৃষকরা বাড়তি ফসল উৎপাদন করতে পারছিলেন। খাল পুনঃখননের ফলে এই সমস্যা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

মন্ত্রী আরও জানান, খাল পুনঃখননের ফলে বন্যার সময় অতিরিক্ত পানি খাল ধারণ করতে পারবে। খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে, যা পরিবেশের জন্যও উপকারী হবে। খাল সম্পন্ন হলে বর্ধিত ফসল উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এবং বৃক্ষরোপণের সুফল প্রথম বছর থেকেই অঞ্চলবাসী অনুভব করতে পারবেন।

খুচরা ও পাইকারি বাজারে দ্রব্যমূল্যের পার্থক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু পার্থক্য স্বাভাবিক হলেও তা অগ্রহণযোগ্য পর্যায়ে না গিয়ে সরকারের নজরদারিতে থাকবে। ঈদের পর ভোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির মাধ্যমে প্রকাশ্য শুনানির আয়োজন করা হবে।

মন্ত্রী বাণিজ্য ঘাটতির প্রসঙ্গেও বলেন, বিশ্বের অধিকাংশ দেশেই বাণিজ্য ঘাটতি রয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতিও এর বাইরে নয়। স্বাধীনতার পর থেকে দেশে আমদানি ও রফতানির ভারসাম্য অভাব থাকায় এটি একটি স্বাভাবিক অর্থনৈতিক বাস্তবতা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তাহসীনা রুশদী লুনা, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!