অর্থনীতি

সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত রাখাকে অগ্রাধিকার দিচ্ছে: অর্থমন্ত্রী

আপডেট: মার্চ ১৭, ২০২৬ : ০৬:৫৭ এএম
সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত রাখাকে অগ্রাধিকার দিচ্ছে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত রাখাকে অগ্রাধিকার দিচ্ছে। খাল খনন কর্মসূচিতে দেশের প্রান্তিক মানুষ সরাসরি সুফল পাবেন। এ কর্মসূচি কৃষি, মৎস্য, জীবনযাত্রা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী সোমবার চট্টগ্রামের মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের সব এলাকায় প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে এবং প্রকল্পগুলোতে দুর্নীতির কোনো সুযোগ নেই। শক্তিশালী খাল দখলদারকেও ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রামের বামনসুন্দর খালের তিন কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে, যা আলিরপোল এলাকা থেকে বানাতলী পর্যন্ত বিস্তৃত। এতে সরাসরি উপকারভোগী হবেন সাধারণ কৃষক, সেচ সুবিধা নিশ্চিত হবে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে।

মন্ত্রী আরও বলেন, আগামী ছয় মাসে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার খাল পুনঃখননের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ধাপে ধাপে কাজ এগিয়ে নিয়ে দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন করা হলে দেশের চিত্রই বদলে যাবে। একেকটি খাল নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং প্রায় পাঁচ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন সম্ভব হবে।

খাল দখলমুক্ত রাখার চ্যালেঞ্জ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, বিভিন্ন স্থানে অনেক খাল দখল হয়েছে। তবে সীমানা নির্ধারণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সরকারি মালিকানাধীন খালে কোনো ব্যক্তিকে দখলের সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, খাল খনন প্রকল্প কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মিরসরাইয়ের সংসদ সদস্য মো. নুরুল আমিন। অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, জেলা পুলিশ সুপার ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!