মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা দিয়েছে রাজস্বের অংশ হিসেবে। এই অর্থ ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত নগদের রাজস্ব থেকে প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানে নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামকে চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ, নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত সহযোগী প্রশাসক মো. নাহিম উদ্দিন, নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, নগদ লিমিটেড সেবা পরিচালনার জন্য প্রযুক্তিসহ সমস্ত বিনিয়োগ করবে এবং ডাক বিভাগের কোনো আর্থিক ব্যয় থাকবে না। সেবা থেকে রাজস্বের ৫১ শতাংশ বাংলাদেশ ডাক বিভাগ পাবে, বাকি ৪৯ শতাংশ পাবেন নগদ লিমিটেড।
এর আগে সেবা শুরুর পর থেকে নগদ লিমিটেড ডাক বিভাগকে মোট ১৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৬০ টাকা প্রদান করেছে। এর মধ্যে ২০২৪ সালের মে মাসে ৫ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৫৮ টাকা হস্তান্তর করা হয়েছিল। তার আগে ২০২২ সালে ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ৬৪৭ টাকা এবং ২০২০ সালে ১ কোটি ১২ লাখ টাকা প্রদান করা হয়েছিল।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম চেক হস্তান্তরের পর বলেন, “নগদ এই খাতে প্রতিযোগিতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, যা ক্যাশলেস লেনদেনে গ্রাহককে উৎসাহিত করছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।”
নগদ প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ জানান, প্রযুক্তির মাধ্যমে দেশের প্রান্তিক জনগণকে আর্থিকভাবে অন্তর্ভুক্ত করতে নগদের অবদান অসামান্য। নতুন উদ্ভাবন এবং বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করে গ্রাহক স্বার্থ নিশ্চিত করতেও নগদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!