অর্থনীতি

ডিজিটাল বন্ড ব্যবস্থাপনা : আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউপি জারি

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:৩৬ এএম
ডিজিটাল বন্ড ব্যবস্থাপনা : আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউপি জারি

বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনাকে আধুনিক ও কাগজমুক্ত করার লক্ষ্যে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) সম্প্রতি বড় সাফল্য অর্জন করেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আড়াই মাসে এনবিআর এই সিস্টেমের মাধ্যমে প্রায় ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) অনলাইনে জারি করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সেবা অনলাইনে দেওয়ার জন্য গত বছরের ১ জানুয়ারি থেকে ‘সিবিএমএস’ নামক স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করা হয়। চলতি বছরের শুরু থেকে এই সিস্টেমের ব্যবহার বাধ্যতামূলক করা হলে তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে সব ইউপি অনলাইনে জারি করা হচ্ছে। গত আড়াই মাসে মোট ২৪,৯৬৩টি ইউপি অনলাইনে ইস্যু করা হয়েছে।

অনলাইনে ইউপি জারির ফলে বন্ড সুবিধাভোগী শিল্প প্রতিষ্ঠানগুলোকে আর কাস্টমস বন্ড কমিশনারেটে সশরীরে উপস্থিত হতে হচ্ছে না। তারা ঘরে বসেই শুল্কমুক্ত কাঁচামাল ব্যবহারের জন্য আবেদন ও অনুমোদন নিতে পারছেন। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের অনলাইন সিস্টেমের সঙ্গে সফটওয়্যারের এপিআই সংযোগের মাধ্যমে আমদানি-রপ্তানি সংক্রান্ত নথিপত্র যাচাইও সহজ হয়েছে।

এনবিআর মনে করছে, এই ডিজিটাল সেবা বন্ড সুবিধাভোগী শিল্প প্রতিষ্ঠানগুলোর সময় ও অর্থ সাশ্রয়ে সাহায্য করছে। ফলে দেশের রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হচ্ছে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হচ্ছে। এনবিআর নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংক, ডেডো, বিজিএমইএ ও বিকেএমইএ-এর ই-ইউডি সিস্টেমের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম আরও নির্বিঘ্ন করার চেষ্টা করছে।

কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করার অংশ হিসেবে পর্যায়ক্রমে বন্ড অডিটসহ বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনার সব সেবা অটোমেশনের আওতায় আনা হবে এবং ব্যবসা সহজীকরণ কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে এনবিআর।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!