চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এই প্রবাহ মূলত পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়ে পরিবারের বাড়তি খরচ মেটাতে বেশি হয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি মার্চের এই সময়ে ৩০৫ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার ৫১৫ কোটি টাকা) প্রবাসীদের পক্ষ থেকে দেশে এসেছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে পরিবারের বাড়তি কেনাকাটা ও খরচ মেটাতে প্রবাসীরা অতিরিক্ত অর্থ পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের অনুমান, চলমান ধারা অব্যাহত থাকলে মার্চ মাসের শেষে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে।
ফেব্রুয়ারিতে দেশে প্রবাসী আয় হয়েছিল ৩০২ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ে পাঠানো ২৫২ কোটি ডলারের তুলনায় ১৯.৫ শতাংশ বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে দুই হাজার ৫০৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!