অর্থনীতি

এলএনজিসহ ৬ ক্রয় প্রস্তাবে ব্যয় হবে ২ হাজার ৮৮২ কোটি টাকা

আপডেট: মার্চ ২৬, ২০২৬ : ০৮:৩৭ এএম
এলএনজিসহ ৬ ক্রয় প্রস্তাবে ব্যয় হবে ২ হাজার ৮৮২ কোটি টাকা

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এক কার্গো এলএনজি ও এক কোটি লিটার পাম অয়েলসহ মোট ছয়টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ৮৮২ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৮৮ টাকা।

সভা বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত পাম অয়েল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে বিক্রির উদ্দেশ্যে এই পাম অয়েল ক্রয় করা হচ্ছে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকায় ক্রয় চুক্তি সম্পাদিত হয়েছে। পরিবহন খরচসহ প্রতি লিটার দাম পড়বে ১৬৩.৪৮ টাকা।

এর পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড এই এলএনজি সরবরাহ করবে। প্রতি কার্গো এলএনজির দাম পড়বে ৮৩৩ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ৫১২ টাকা, যার ফলে দুই কার্গো আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৬৬৬ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ২৪ টাকা।

সভায় ২০২৫-২৬ অর্থবছরে ইপিআই কর্মসূচিতে ব্যবহৃত ১০ ধরনের ভ্যাকসিন ইউনিসেফ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার প্রস্তাবও অনুমোদিত হয়। মাঠপর্যায়ে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের কাছে অগ্রিম অর্থ প্রেরণের মাধ্যমে ব্যয় হবে ৬০৪ কোটি ৫ লাখ ৫ হাজার ৮৯৫ টাকা।

বৃহৎ এই ক্রয় প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে দেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সরবরাহ আরও সুনিশ্চিত হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!