অর্থনীতি

বাংলাদেশি আলু রপ্তানিতে ভিয়েতনামের বাজার উন্মুক্ত

আপডেট: মার্চ ২৮, ২০২৬ : ০৫:১০ এএম
বাংলাদেশি আলু রপ্তানিতে ভিয়েতনামের বাজার উন্মুক্ত

বাংলাদেশ থেকে আলু আমদানির জন্য আনুষ্ঠানিকভাবে বাজার উন্মুক্ত করেছে ভিয়েতনাম। দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় স্থানীয় সময় শুক্রবার এ অনুমোদন দিয়েছে।

হ্যানয়ে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, ভিয়েতনামের বিধি অনুযায়ী কোনো দেশ থেকে আলু আমদানি করতে হলে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। যাচাই-বাছাই শেষে সন্তুষ্ট হলে কর্তৃপক্ষ আমদানির অনুমোদন দেয়।

বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে এ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ এখন ভিয়েতনামে আলু রপ্তানির যোগ্যতা অর্জন করেছে।

হ্যানয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ অনুমোদন দেশের আলু রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে স্থানীয় কৃষকেরাও উপকৃত হবেন।

তিনি বলেন, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে। এ রপ্তানি উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রদূত আরও বলেন, এ সাফল্য বাংলাদেশের অন্যান্য কৃষিপণ্য, বিশেষ করে তিলসহ উদ্ভিদজাত পণ্য রপ্তানির পথও সহজ করবে। দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি কৃষিপণ্যের জন্য ভিয়েতনামের বাজারে আরও প্রবেশাধিকার বাড়াতে কাজ অব্যাহত থাকবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!