আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন চালুর পর করদাতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে রিটার্ন দাখিলের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রোববার (২৯ মার্চ) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন নিয়েছেন। এর মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
সংস্থাটি জানায়, গত সপ্তাহেই পাঁচ হাজারের বেশি করদাতা রিটার্ন জমার সময় বাড়ানোর জন্য অনলাইনে আবেদন করেছেন, যা ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৫–২৬ করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া ব্যক্তি শ্রেণির সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতাদের সুবিধার্থে এ বছর রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে অনলাইনে আবেদন করে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ জন্য ই-রিটার্ন ব্যবস্থায় “Time Extension” নামে একটি আলাদা অপশন চালু করেছে এনবিআর।
এনবিআর জানায়, করদাতারা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে সহজেই সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন। সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনাররা অনলাইনে এসব আবেদন নিষ্পত্তি করছেন এবং বেশির ভাগ ক্ষেত্রেই স্বল্প সময়ের মধ্যে অনুমোদন দেওয়া হচ্ছে।
সময়সীমা বাড়ানোর আবেদন অনুমোদিত হলে করদাতারা বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন। তবে এ সুবিধা পেতে হলে নির্ধারিত সময়সীমা, অর্থাৎ ৩১ মার্চের আগেই আবেদন করতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!